সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের অন্তত ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে আগাম রোজা ও ঈদ উদযাপনের এই রেওয়াজ পালন করে আসছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই প্রধান জামাতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন কি জায়েজ? সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা এই আগাম ঈদ পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর ও খাসেরহাটসহ জেলার অন্তত ২৫টি গ্রামের মানুষ আজ উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করছেন। স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরীফের মুরিদ সাগর দেওয়ান বলেন, 'পূর্বপুরুষদের প্রথা অনুসারে এই ঈদ উৎসব পালন করা হচ্ছে। বছরে দুটি ঈদ ও রোজা এভাবেই পালন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানেরা।'