খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, যেখানে অনুষ্ঠিত হবে

খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। একই সময়ে নগরের খালিশপুর ঈদগাহ ময়দান ও বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদের মাঠের প্রস্তুতি পরিদর্শনে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সার্কিট হাউস ময়দান একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রতিবছর হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য মাঠ প্রস্তুতির কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে আরেকটি জামাতের আয়োজন রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আরও পড়ুন: ঈদের জামাত মসজিদে পড়া যাবে? খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। নগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ যেমন বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ, পুলিশ লাইন ময়দান, রূপসা জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও কুয়েট কেন্দ্রীয় মসজিদসহ অসংখ্য স্থানে নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়েও সংশ্লিষ্ট কমিটি নিজ নিজ সুবিধা অনুযায়ী জামাতের সময় নির্ধারণ করবে। ঈদ উপলক্ষে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী মহানগর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করবে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল বসানো, উচ্চস্বরে মাইক বা ড্রাম বাজানো, রঙিন পানি ছেটানো এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে।