৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার লুট

চাঁদার টাকা না দেয়ায় পিরোজপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখমের পাশাপাশি এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া হয়েছে। বাধা দিতে গিয়ে পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী মো. গোলাম রসুল (৫৭) এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, একই এলাকার আলমগীর শেখ (৪২) ও সজীব শেখ (৩২) দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নিয়মিত হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আলমগীর ও সজীবসহ আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। দাবি করা চাঁদার টাকা না দেয়ায় হামলাকারীরা গোলাম রসুল ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে আঘাত করলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাঁ হাতের বুড়ো আঙুলে গুরুতর জখম হয়। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরের ১০ গ্রামে ঈদুল ফিতর পালিত গোলাম রসুল আরও জানান, তাকে উদ্ধার করতে পরিবারের সদস্য হানিফ শেখ, নারগিছ বেগম, হামিদা বেগম ও রিনা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করেন। এ সময় তারা হামিদার গলায় থাকা আড়াই লাখ টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এমনকি রিনা বেগমের শ্লীলতাহানিরও চেষ্টা করে তারা। পরে হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’