সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রায় দুই হাজার পরিবারের মানুষ। উৎসবমুখর পরিবেশে জেলার অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের এসব জামাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জেলায় ৫০টির বেশি আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগ এলাকা; বোচাগঞ্জ উপজেলার ছাতইর; বিরল উপজেলার ভাড়াডাঙ্গি ও বালাদার গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা; বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ এবং চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরের ১০ গ্রামে ঈদুল ফিতর পালিত জানা গেছে, জেলার এসব ঈদের জামাতের প্রতিটিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সব মিলিয়ে দিনাজপুরে প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।