ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. হৃদয় হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।  হৃদয় ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে স্থানীয় ‘মুকুল নিকেতন’ নামের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায় হৃদয়। ঘাস কাটার একপর্যায়ে আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। এ সময় বস্তায় ঘাস ভরে তড়িঘড়ি করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আরও পড়ুন: সরিষাবাড়ীতে ব্যবসায়ীর গুদামে মিলল ৩ হাজার কেজি সরকারি চাল পরে স্থানীয়রা হৃদয়কে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।