সাদা মানেই নিরীহ বা একঘেয়ে এই ধারণাকে ভেঙে নতুনভাবে সামনে এনেছেন মুমতাহিনা টয়া। তার সাম্প্রতিক সাদা শাড়ির লুক যেন এক কথায় অপার্থিব, যেখানে গ্ল্যামার আর কোমলতার এক নিখুঁত মিশেল দেখা গেছে। ঈদের সাজে ভিন্ন কিছু খুঁজছেন যারা, তাদের জন্য টয়ার এই উপস্থিতি হতে পারে দারুণ অনুপ্রেরণা। ডিজাইনার মেহের বাই সামিনা সারার তৈরি করা সাদা শাড়িটি পুরো লুকে এনে দিয়েছে স্বপ্নিল আবহ। শিয়ার ফেব্রিকের ওপর সূক্ষ্ম ফুলেল এমব্রয়ডারি, টোন-অন-টোন কারুকাজ সব মিলিয়ে শাড়িটি হয়ে উঠেছে নরম অথচ দৃষ্টিনন্দন। এই লুকের আসল আকর্ষণ ছিল ব্লাউজে। সুইটহার্ট নেকলাইন ও ছোট হাতার কাটে তৈরি এই ব্লাউজে মুক্তা, বিডস ও স্টোনের নিখুঁত কাজ চোখে পড়ার মতো। সামনের দিকের ক্লাসিক এলিগ্যান্সের সঙ্গে পেছনের ব্যাকলেস ডিজাইন ও ঝুলন্ত টাই-আপ ডিটেইল যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। ট্যাসেল ডিটেইল পুরো ব্লাউজকে আরও স্টাইলিশ করে তুলেছে। মেকআপেও ছিল সফট গ্ল্যাম ভাব। ডিউই ফিনিশ ত্বক, হালকা স্মোকি আই মেকআপ এবং ন্যুড ব্রাউনিশ লিপশেড সব মিলিয়ে লুকটি হয়েছে পরিপাটি ও ব্যালান্সড। অ্যাক্সেসরিজে রাখা হয়েছে পরিমিতির ছাপ। ডায়মন্ড স্টাইলের নেকলেস, মানানসই ড্রপ ইয়াররিংস, সঙ্গে স্লিম ব্রেসলেট ও আংটি সব মিলিয়ে তৈরি হয়েছে এক মার্জিত উপস্থিতি, যা শাড়ির সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। চুল রাখা হয়েছে হালকা ওয়েভে, যা তার সদ্য হাইলাইট করা হেয়ার কালারকে আরও ফুটিয়ে তুলেছে। মুমতাহিনা টয়ার এই সাদা শাড়ির লুক প্রমাণ করে শুভ্রতার মধ্যেও লুকিয়ে থাকতে পারে অনন্য গ্ল্যামার। এবারের ঈদ ফ্যাশনে এই স্টাইল নিঃসন্দেহে জায়গা করে নিতে পারে ট্রেন্ডের তালিকায়। জেএস/