ব্রাজিল জাতীয় দলে নেইমারের অনুপস্থিতি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সোমবার কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২৬ ও ৩১ মার্চের প্রীতি ম্যাচে খেলবেন না এই তারকা ফরোয়ার্ড। এই ঘোষণার পর শুধু ভক্তরাই নয়, ব্রাজিলের সাবেক কিংবদন্তিরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম কাফু, যিনি নেইমারের সামর্থ্য নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি নেইমারকে লিওনেল মেসির চেয়েও বড় খেলোয়াড় মনে করেন। কোনো রাখঢাক না রেখেই বলেছেন, ‘আমার দৃষ্টিতে নেইমার মেসির চেয়েও বড় খেলোয়াড়।’ দুইবার বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি (১৯৯৪ ও ২০০২) এবং টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা একমাত্র ফুটবলার কাফু সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের বর্তমান অবস্থা ও গুরুত্ব নিয়ে কথা বলেন। চোটের কারণে গত কয়েক বছরে নিয়মিত খেলতে পারেননি নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি ব্রাজিল দলের হয়ে মাঠে নামেননি। চলতি বছরে চোট কাটিয়ে ফিরলেও এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। সম্প্রতি সান্তোসের হয়ে একটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেললেও অতিরিক্ত ক্লান্তির কারণে পেশিতে টান পড়ে আবার একটি ম্যাচ মিস করেছেন তিনি। এ অবস্থায় ২০২৬ বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে। তবে কোচ আনচেলত্তির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কাফু বলেন, ‘তার (নেইমার) খেলা দরকার, অনুশীলন দরকার। আনচেলত্তি সৎ মানুষ, তিনি পরিষ্কারভাবে কথা বলেন।’ তবে নেইমার ফিট থাকলে যে কোনো দলে জায়গা পাওয়ার যোগ্য বলেও মনে করেন কাফু, ‘সে যদি ফিট থাকে, বিশ্বের যেকোনো জাতীয় দলে খেলতে পারবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। সে সেরা ছন্দে থাকলে তাকে নিয়ে বিতর্কের অবকাশ নেই।’ দীর্ঘদিন ব্রাজিল দলের বড় দায়িত্ব একাই বহন করেছেন নেইমার উল্লেখ করে এই কিংবদন্তি বলেন, ‘গত ১৫ বছরে নেইমার তার মানের কাউকেই পায়নি যার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে পারে।’ ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু হবে ১৩ জুন, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এখন দেখার বিষয়, চোট কাটিয়ে নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন কি না। সূত্র: মার্কা এমএমআর