দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্য ও আরব-আফ্রিকার অন্যান্য দেশের মতো দক্ষিণ এশিয়ার নীলনদ আর বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপেও শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব।মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ঈদগাহসহ বেশ কয়েকটি বড় বড় মসজিদে দূরদূরান্ত থেকে এসে স্থানীয় নাগরিকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও এসব ঈদের জামাতগুলোতে যোগ দেন। ঈদের নামাজ-খোতবা শেষে স্থানীয় জনসাধারণের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও এসময় ঈদের কুশল বিনিময় করেন দেশটির প্রসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ভোর থেকেই রঙিন পাজামা-পাঞ্জাবি পরে ঈদগাহ ময়দানের দিকে ছুটে চলার মধ্য দিয়েই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ শুরু হয়।ঈদের জামাতের পর-পরই চলে কোলাকুলি আর কুশল বিনিময়। যা ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তবে এসব উৎসবের হাসির ফাঁকেও লুকিয়ে থাকে তাদের দীর্ঘশ্বাস, দেশের মাটির গন্ধ, মায়ের হাতের রান্না, বাবার ডাক আর শৈশবের ঈদ ফিরে পাওয়ার আকুলতা। ঈদ ঘিরে দেশটিতে থাকা বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোতে আয়োজন করা হয় হরেক রকমের দেশীয় খাবারের।নামাজ শেষে প্রবাসীরা দলবদ্ধভাবে এসব খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি রাজধানী মালেও এর আসপাশের শহরগুলোতে ঘুরে ফিরে ঈদের আনন্দ উপভোগ করেন আর মুঠোফোনে দেশে থাকা স্বজনদের সঙ্গে ভাগ করে নেন ঈদের শুভেচ্ছা। আরও পড়ুন: মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে এক লিখিত বার্তায় প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। সেইসাথে বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষমতায়ন, মর্যাদা, সমৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে চলমান দুর্ভোগ দ্রুত নিরসনের আশা প্রকাশ করেন। এছাড়া ওই সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে মালদ্বীপের জনগণ সবসময়ই রয়েছে বলে যোগ করেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ। এছাড়াও বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এইবারের ঈদের সময় পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক অস্থিরতা ও চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো প্রতিকূল সময় পার করছেন দক্ষিণ এশিয়ার এ পর্যটন নির্ভর দেশটিও। যেহেতু মালদ্বীপের অর্থনীতি সম্পুর্ন পর্যটন ও আমদানি নির্ভর, সেহেতু যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার সংঘাতের উত্তাপ এখন দেশটির জনজীবনেও স্পষ্ট হয়ে উঠেছে। আরও পড়ুন: আল-আকসায় ঈদের নামাজ পড়তে বাধা, মুসল্লিদের ওপর হামলা অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত ব্যয় সংকোচনের কথা বিবেচনায় রেখে এবারের ঈদ উদযাপনে নেই কোনো সরকারি উদ্যোগে জমকালো অনুষ্ঠান ও শহুরে আলোকসজ্জা।জামাতের সহিত নামাজ আদায় শেষে সকলের সাদামাটা ঈদ উদযাপনেই ছিলো সীমাবদ্ধ।