রাজনীতির ঊর্ধ্বে থেকে পিরোজপুরের উন্নয়নে কাজ করতে হবে: মাসুদ সাঈদী

বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে পিরোজপুরের উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ রাখা চলবে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাসুদ সাঈদী।শুক্রবার (২০ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাসুদ সাঈদী বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করব। পিরোজপুরকে একটি ‘রোল মডেল’ জেলায় পরিণত করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না।তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, চেয়ার বা পদ যেন আমাদের অহংকারী না করে ফেলে। আমরা যে অবস্থানেই থাকি না কেন, সেই দায়িত্ব আমাদের বিনয়ী করে তুলবে, এটাই প্রত্যাশা।মাসুদ সাঈদী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই উপহার কোনো দয়া নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। আমরা চাই পিরোজপুরের প্রতিটি ঘরে ঈদের হাসি ছড়িয়ে পড়ুক।' তিনি আরও জানান, যারা এবার উপহার পাননি, ভবিষ্যতে বরাদ্দ এলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।আরও পড়ুন: বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদীতিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করব।অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়। এছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। এছাড়া রাজনৈতিক সম্প্রীতির নজির হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।