পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে আজ প্রোটিয়াদের মাত্র ১৩৬ রানেই আটকে রাখে কিউইরা। রান তাড়া করতে নেমে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ব্ল্যাকক্যাপসরা।অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার (২০ মার্চ) টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ফার্গুসন, স্যান্টনার, সিয়ার্সদের বোলিংয়ের সামনে যেন অসহায় প্রোটিয়া ব্যাটাররা। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান খরচ করেছেন লুকি ফার্গুসন, উইকেট নিয়েছেন ১টি। কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও বেন সিয়ার্স নিয়েছেন ২টি করে উইকেট। আর ম্যাককঞ্জি ও জিমি নিশাম নিয়েছে ১টি করে উইকেট। পাওয়ার প্লেতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিউজিল্যান্ডের বোলাররা। ৬ ওভারে ৪১ রান তুললেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরের ব্যাটসম্যানরাও সেই ধাক্কা সামাল দিতে পারেননি। আরও পড়ুন: সরকারের অনুমতির অপেক্ষায় টাইগারদের পিএসএল যাত্রা, অনিশ্চয়তায় ছয় ক্রিকেটার প্রোটিয়াদের হয়ে দুজন ব্যাটসম্যানই কেবল ২০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। জর্জ লিন্ডে ১৯ বলে করেন ২৩ রান। শেষদিকে নাকোবানি মোকোয়েনা ২০ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। ডেভন কনওয়ে ও টম ল্যাথামের জুটি ১১তম ওভারের শেষ বল পর্যন্ত স্থায়ী হয়, ততক্ষণে দলীয় স্কোর পৌঁছে যায় ১ উইকেটে ৯৬ রানে। কনওয়ে ২৬ বলে ৩৯ রান করে কেশব মহারাজের শিকার হন। আরও পড়ুন: শাহিনের সময় শেষ, সাবেক অধিনায়কের সরাসরি মন্তব্য তবে ল্যাথাম ছিলেন অনড়। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। একই দিনে একই মাঠে আফ্রিকার মেয়েদের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৭ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ডের মেয়েরা।