পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রতিযোগিতার ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। যদিও এই টাইমিং তাকে সেমিফাইনালের টিকিট এনে দিতে পারেনি, তবে এটিই চলতি মৌসুমে ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং। প্রতিযোগিতার দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন এই স্প্রিন্টার। সাতজন প্রতিযোগীর মধ্যে তিনি পঞ্চম স্থানে থাকলেও সব মিলিয়ে ৪৯ জন অ্যাথলেটের মধ্যে তার অবস্থান ছিল ৩৭তম। উল্লেখ্য, প্রতি হিটের প্রথম তিন জন এবং বাকিদের মধ্যে সেরা টাইমিংধারী তিন স্প্রিন্টার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতে দেশের জন্য ইতিহাস গড়েছিলেন। তবে পরবর্তী আসরগুলোতে সেই সাফল্যের পুনরাবৃত্তি করা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এবারের আসরে তার সঙ্গে ম্যানেজার হিসেবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর যাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি পোল্যান্ড পৌঁছাতে পারেননি। এসকেডি/এএসএম