চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

দেশের আকাশে দেখা মিলেছে শাওয়ালের বাঁকা চাঁদ। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। আরও পড়ুন: শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েনএবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল এক বিরল সমীকরণ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সাধারণত সৌদির এক দিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসেবে কালকের ঈদ নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ছিল।এদিকে, গত বৃহস্পতিবারই (১৯ মার্চ) আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্‌যাপিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের মতো দেশগুলো আগেই শনিবার ঈদের ঘোষণা দিয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদের এই ভিন্ন ভিন্ন সময়সূচি এবারের উৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ–সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।