চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিহাদারি পাইকোড়তলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন-সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ওহিদুল (১৭) এবং একই এলাকার মো. জয়নালের ছেলে মো. মিনহাজ আলী (২২)। নিহতদের মধ্যে মিনহাজ ঘটনাস্থলেই এবং ওহিদুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও পড়ুন: ভোলায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গতিতে থাকা মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালককে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওহিদুল মারা যান। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা গেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।