ঈদের দিন সকালেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে পর্যটন নগরী কক্সবাজার। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে প্রথম দফায় কয়েক মিনিট বৃষ্টি হয়। এরপর সকাল ৭টার দিকে দ্বিতীয় দফায় আবারও কয়েক মিনিট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এদিকে ঈদের দিনে আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। তাদের মতে, অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও পড়ুন: পবিত্র ঈদুল ফিতর আজ শুক্রবার সন্ধ্যার পর থেকেই কক্সবাজারে বাতাসের তীব্রতা বেড়েছে এবং আকাশ ছিল মেঘাচ্ছন্ন। পবিত্র শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা গেলেও মাঝেমধ্যে মেঘের কারণে তা আড়াল হয়ে যায়। ফলে স্বল্প সময়ের জন্যই চাঁদ দেখা গেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, ঈদের দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।