বৃষ্টির কারণে রাজশাহীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন মুসল্লিরা।শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় রাজশাহীর শাহ মখদুম দরগা মসজিদে ঈদের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূলত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। এদিন নামাজ শুরুর আগেই দলে দলে মুসল্লিরা মসজিদে উপস্থিত হন। ঈদের এই প্রধান জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে সর্বস্তরের মানুষ সুষ্ঠুভাবে ঈদুল ফিতরের জামাত আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। আরও পড়ুন: রাজশাহীতে ১৫ দিনের বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সমাজের বিত্তবানদের ঈদে অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘তাহলে সকলে মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করা সম্ভব হবে।’ অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘মহানগরীর ছয়টি স্থানে ঈদের জামাত আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে শুক্রবার রাত থেকেই বৃষ্টির কারণে বিকল্প জায়গায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।’