বৃষ্টিস্নাত সকালে খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে এই জামাত আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর টাউন জামে মসজিদে এই প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে খোলা মাঠে জামাত আয়োজন সম্ভব হয়নি। তাই শেষ মুহূর্তে সার্কিট হাউজ ময়দান থেকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই সকাল ৭টা থেকে দলে দলে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। অনেকেই ছাতা মাথায়, কেউবা ভিজে অবস্থায়ই মসজিদে উপস্থিত হয়ে ঈদের নামাজে অংশ নেন। টাউন জামে মসজিদে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মো. সালেহ। এছাড়া একই মসজিদে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি অতিরিক্ত জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। আরও পড়ুন: খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি জামাত শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ইরান ও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বৃষ্টির মধ্যেও ঈদের এই মিলনমেলা নগরজুড়ে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ, বায়তুন নূর মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।