নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন পানিসম্পদ মন্ত্রী

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। নিজ নির্বাচনী এলাকার মসজিদে স্থানীয় সাধারণ মুসল্লিদের সাথে ঈদের জামাতে অংশ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নামাজ শেষে তিনি আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় লক্ষ্মীপুর শহরের সোনা মিয়া জামে মসজিদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে মন্ত্রীর সাথে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ এস এম মেহেদী হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আরও পড়ুন: বিগত সময়ের দুর্নীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়া হবে: পানিসম্পদ মন্ত্রী নামাজ আদায় শেষে মন্ত্রী উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এক মাস অতিবাহিত হয়েছে আমরা এ সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করছি। দেশবাসীর সহযোগিতার মধ্য দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি।’ আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘সবার আন্তরিকতা ও সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশটা গড়তে আমরা সক্ষম হব।’