মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল হয়। এরপর গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচও বাতিল হয়ে গেছে। নতুন সূচী অনুযায়ী বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আসন্ন ফিফা উইন্ডোতে লিওনেল মেসিরা মোকাবিলা করবেন দুই আফ্রিকান দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়াকে। আগামী ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মূলত আগামী জুনে হতে যাওয়া বিশ্বকাপের আগে ঘরের দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার উপলক্ষ্য হিসেবেই এই দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার এই সূচি ঠিক হওয়া পর্যন্ত বেশ নাটকীয়তা পার করতে হয়েছে। শুরুতে স্পেনের সঙ্গে কাতারে ‘ফিনালিসিমা’ এবং কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা ভেস্তে যায়। এরপর গুয়াতেমালার সঙ্গে ম্যাচ চূড়ান্ত হলেও বাদ সাধে ফিফা। বুয়েনস এইরেসে ৩১ মার্চ প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল স্কালোনির দলের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালিতে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে গুয়াতেমালার প্রীতি ম্যাচ আছে। সে জন্য আর্জেন্টিনা–গুয়াতেমালা ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, একই ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি আলাদা মহাদেশে খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি। গুয়াতেমালা ম্যাচের জন্য ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডটিই বহাল রেখেছেন স্কালোনি। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন মহানায়ক লিওনেল মেসি। তবে চোটের কারণে এই মিশনে দেখা যাবে না লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া আলোচনায় থাকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং জোয়াকিন পানিচেলিকেও রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে জিয়ানলুকা প্রেস্তিয়ানির অন্তর্ভুক্তি। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদ বিতর্কে জড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হওয়া এই ফুটবলারকেও স্কালোনির পরিকল্পনায় দেখা যাচ্ছে। এসকেডি/এমএস