চট্টগ্রাম নগরের পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য দুই দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নগরের বিপ্লব উদ্যান প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে অংশ নিয়ে আনন্দে মেতেছেন সুবিধাবঞ্চিত শিশুরা ও নিম্নআয়ের মানুষজন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ করেন। পাশাপাশি ৫০ জন বৃদ্ধ নারীর হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে মেয়র বলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি ছিন্নমূল মানুষের অধিকার নিশ্চিত করেন, তবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, ঈদ সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে আসে। কিন্তু বাস্তবে ধনী-গরিবের বৈষম্য অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যের গান’-এর উদ্ধৃতি দিয়ে বলেন, সমাজে সেই সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন। তিনি আরও বলেন, অনেক পরিবার রয়েছে, যারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খায়। ঈদের সময় তাদের জীবনে আনন্দের বদলে বিষাদের ছায়া নেমে আসে। তাদের সামাজিক সম্মান ও আত্মমর্যাদা রক্ষার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই উৎসবে নগরের শত শত সুবিধাবঞ্চিত মানুষ অংশ নিচ্ছেন। এমআরএএইচ/এসএইচএস