‘জীবনে প্রথম মা ছাড়া ঈদ’— আবেগী শুভেচ্ছা বার্তা শেখ মেহেদীর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবারের ঈদে ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে ছুঁয়ে গেলেন আবেগের গভীর এক জায়গা। মা’কে ছাড়া প্রথমবার ঈদ উদযাপনের কথা জানিয়ে তিনি লেখেন, আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না।শনিবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ মেহেদী লেখেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যেকোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে। সে হলো মা। জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না, মা থাকলে ঈদ আরো ১০০০ গুণ বেশি আনন্দ বেড়ে যায়।’ আরও পড়ুন: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-তামিম-লিটনরা জাতীয় দলের এই ক্রিকেটারের বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে ব্যক্তিগত শোকের ভার। মাঠে যিনি প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন দৃঢ়তা নিয়ে, সেই তিনিই জীবনের বাস্তব লড়াইয়ে আজ একজন শোকাহত সন্তান। মেহেদীর কথাগুলো যেন শুধু তার নিজের নয়—এমন অসংখ্য মানুষের অনুভূতির প্রতিচ্ছবি, যাদের জীবনে প্রিয়জনহীন ঈদ আর আগের মতো রঙিন থাকে না। বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে পারফরম্যান্স দিয়ে পরিচিত এই অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি আবেগ প্রকাশ না করলেও এবারের ঈদে তার এই বার্তা ব্যতিক্রম। এতে ফুটে উঠেছে একজন সন্তানের অসীম ভালোবাসা, শূন্যতা আর স্মৃতির ভার। আরও পড়ুন: ফিফার পোস্টে ‘ঈদের আমেজ’, হামজা-শমিতদের ছবিতে শুভেচ্ছা ঈদ মানেই আনন্দ, পরিবার আর একসঙ্গে থাকার মুহূর্ত। কিন্তু মায়ের অনুপস্থিতি সেই আনন্দকে কতটা অসম্পূর্ণ করে দিতে পারে, শেখ মেহেদীর এই সংক্ষিপ্ত বার্তাই যেন তার গভীরতম প্রমাণ।