পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে গেলো বাস, নিহত ১

চট্টগ্রামের পটিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। শনিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকার ভাটিখাইন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অলক গুহ বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এছাড়া আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার মোস্তাফিজ জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এমআরএএইচ/ইএ