ঈদের সকালে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিল শরিফুলের। নতুন পোশাকে স্বজনদের নিয়ে ঈদগাহে যাওয়ার প্রস্তুতিও ছিল তুঙ্গে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে।কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎকর্মী শরিফুল ইসলাম (৩০)। এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ায় কয়েকশ মানুষ আদায় করতে পারেননি ঈদের নামাজ।শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) হিসেবে কর্মরত ছিলেন।আরও পড়ুন: গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখমপারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ পড়বেন বলে সকালে সদরপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন শরিফুল। পথে বৈকণ্ঠপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধারণা করা হচ্ছে, ভোরের হালকা বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এবং মোটরসাইকেলের গতি বেশি হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহতনিহতের চাচাতো ভাই ও কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘আমরা সবাই বাড়িতে শরিফুলের জন্য অপেক্ষা করছিলাম। একসাথে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আসার খবরের বদলে এলো তার মৃত্যুর সংবাদ। পুরো গ্রাম এখন শোকে মুহ্যমান। শোকের তীব্রতায় গ্রামের শতাধিক মানুষ আজ ঈদের নামাজও আদায় করতে পারেননি।’এ বিষয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ড জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।