সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ আর খুশির এই দিনে স্বজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অনেকে কবরস্থানে ছুটে গেছেন প্রয়াত আপনজনদের জন্য দোয়া করতে।কবরস্থানে দাঁড়িয়ে কান্না করছিলেন এক বৃদ্ধা নারী। প্রশ্ন করতেই জানালেন প্রিয় সন্তানকে ছয় বছর আগে হারিয়েছেন তিনি। দিনের প্রথম প্রহরে ঈদের নামাজ শেষ করে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে ভিড় করেন তার মতো বিভিন্ন বয়সের মানুষ। প্রিয় বাবা-মা, দাদা-দাদি, আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন তারা।মৃত স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ পড়ছেন ফাতিহা। কেউ চুপচাপ দাঁড়িয়ে আছেন কবরের পাশে। কেউ ছুঁয়ে দেখছেন কবর। আবার কেউ চোখের পানি লুকাতে পারছেন না। কারণ এখানেই চির নিদ্রায় শায়িত জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো। আরও পড়ুন: মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী কবরস্থানে আগত স্বজনরা বলছেন, প্রিয়জনের এমন অনুপস্থিতি স্মৃতির মানসপটে আটকে থাকা শেষ আবেগটুকুও ঝাপসা করে দেয়। অপূর্ণ থেকে যায় ঈদ আনন্দ। পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি বেঁচে থাকতেই বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান কবর জিয়ারত করতে আসা অনেক স্বজন। কবরস্থানের নীরবতা যেন মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর দোয়া থেকে যায় চিরদিন।