ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীর একমাত্র বিনোদন কেন্দ্র বোয়ালমারী উপজেলা শিশুপার্ক ঈদের দিনে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাজারো দর্শনার্থী। শনিবার (২১ মার্চ) বিকেল থেকে উপজেলা শিশুপার্কটি বন্ধ রাখা হয়েছে। তবে রোববার (২২ মার্চ) থেকে চালু করা হবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক বছর আগে বোয়ালমারী শিশুপার্কটি চালু করা হয়। ঈদের দিনেও সকাল থেকে শিশুপার্কটি চালু ছিল। তবে অনিবার্য কারণবশত ও স্পর্শকাতর ঘটনায় বিকেল থেকে হঠাৎ কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নেয়। শিশুপার্কে ঘুরতে আসা বিউটি বেগম বলেন, ‌‘আজ ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে পার্কে ঘুরতে এসে দেখি বন্ধ। মনটাই খারাপ হয়ে গেলো। এমনিতেই বোয়ালমারীতে কোনো বিনোদন কেন্দ্র নেই। এমন দিনে পার্কটি বন্ধ রাখা খুবই দুঃখজনক।’ সোহেল শেখ নামের আরেকজন বলেন, ‘ঈদের দিনে স্ত্রী-সন্তান নিয়ে পার্কে ঘুরতে এসে দেখি গেট বন্ধ। আমাদের মতো কমপক্ষে কয়েক হাজার দর্শনার্থী গেটের সামনে জড়ো হন। এসময় অনেকেই ক্ষোভ প্রকাশ করে মলিন মুখে ফেরত চলে যান।’ এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে পার্ক চালু ছিল। তবে স্থানীয় কিছু লোকজন পার্কের ভেতর মারামারি করেন। যে কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাল সকাল থেকে শিশুপার্কটি চালু করা হবে।’ এন কে বি নয়ন/এসআর/এমএস