ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইসরাইল বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে, এতে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ইরানের আইআরজিসি আজ শনিবার (২১ মার্চ) জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি ইসরাইলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান যা গত তিন সপ্তাহে ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আরও জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে।  আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছিল। এক বিবৃতিতে তারা জানায়, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তেহরানের আশপাশের এলাকায় হামলা চালানোর মিশনে ছিল। তারা আরও দাবি করেছে, এ ঘটনায় যুদ্ধবিমানে কোনো ক্ষতি হয়নি। পাইলটরা জীবিত থাকতে পেরেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একের পর এক পাল্টা আক্রমণ চালায়। আজ শনিবার এই সংঘাত ২২তম দিনে গড়িয়েছে।  আরও পড়ুন: হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ