শেকৃবিতে জুলাই শহীদ ও আহত পরিবারের সন্তানদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিগত সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি’র আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। তিনি ভিকটিম পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং শহীদ ও গুম হওয়া পরিবারের সন্তানদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিশুদের হাতে ঈদের উপহার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম। আরও পড়ুন: তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ‘ব্লকেড’ ইফতার মাহফিলের আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। বৃহত্তর বগুড়া সমিতি’র প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।