দেশে পৌঁছাল মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত এক বাংলাদেশির মরদেহ

মালদ্বীপে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ আজ সোমবার (১৫ মার্চ) দেশে পৌঁছেছে। এরপর মরদেহ প‌রিবারের কা‌ছে হন্তান্তর করা হয়েছে।মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইক‌মিশন জানায়, মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত ৫ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে মো. সদর আলীর মৃতদেহ আজ হাইকমিশনের সহযোগিতায় ঢাকায় পরিবারের নিকট প্রেরণ করা হয়েছে। ঢাকার বিমানবন্দরে তার মরদেহ গ্রহ‌ণের সময় উপ‌স্থিত ছি‌লেন পরিবারের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আরও পড়ুন: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত গত শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের ধীগুরাহ আইল্যান্ডের একটি লেবার কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৭ জন গুরুতর অগ্নিদ্বগ্ধ হয়। এ সময় বাকিরা অন্য রুমে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। বাকি দুইজন প্রবাসী বাংলাদেশিকে গুরুতর আহত অবস্থায় রাজধানী মালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।  নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুই বাংলাদেশি হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।