ঘরের মাঠে টটেনহ্যামের কাছে পয়েন্ট হারালো লিভারপুল

দুর্দান্ত এক ফ্রি কিক থেকে দলকে লিড এনে দিলেন দমিনিক সোবোসলাই। এই গোলের মধ্য দিয়েই এক মাসের গোল খরা কাটালেন তিনি। ১৮ মিনিটে পাওয়া সেই লিড লিভারপুল ধরে রাখলো ৯০ মিনিট পর্যন্ত, তবুও শেষ রক্ষা আর হলো না। শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে টটেনহ্যাম হটস্পারকে মূল্যবান পয়েন্ট এনে দিলেন রিচার্লিসন।রোববার (১৫ মার্চ) অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। এতে লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকলো লিভারপুল। আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল অলরেডরা।  গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে হারে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে অলরেডরা, এফএ কাপে উলভসের বিপক্ষে ৩-১ গোলে।  আরও পড়ুন: আরও এক মৌসুম লিভারপুলে থাকবেন অ্যালিসন লিগে ৩০ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারী লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে অবস্থান অ্যাস্টন ভিলার।  এদিন ম্যাচের শুরুতেই লিড নেয় লিভারপুল। ১৮তম মিনিটে সোবোসলাইয়ের নৈপুণ্যে এগিয়ে যায় অলরেডরা। প্রায় ২৫ গজ দূর থেকে সোবাসলাইয়ের শট নাগালের মধ্যে থাকলেও আটকাতে পারেননি টটেনহ্যাম গোলরক্ষক। বল তার হাতে লেগে জালে জড়ায়।  সবশেষ ১৪ ফেব্রুয়ারি জালের দেখা পেয়েছিলেন সোবোসলাই, এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে। চলতি মৌসুমে এ নিয়ে সরাসরি ফ্রি কিকে পাঁচটি গোল করলেন সোবোসলাই। লিভারপুলের জার্সিতে ২০১২-১৩ মৌসুমে ফ্রি কিক থেকে সমান পাঁচটি করেছিলেন লুইস সুয়ারেজ।  আরও পড়ুন: ফের পয়েন্ট নষ্ট করে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি লিগে আগের ছয় রাউন্ডের সবগুলোতেই হেরেছে টটেনহ্যাম। লিভারপুলের মাঠে অবশ্য সমানতালে পাল্টা আক্রমণ চালায় তারা, তবে সাফল্য পাচ্ছিল না। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের মুখে হাসি ফোটান রিচার্লিসন। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  লিগে ২০২৬-এ এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি টটেনহ্যাম। সবশেষ তারা জিতেছিল গত ২৮ ডিসেম্বর, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে আছে তারা।