গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, উড়ে গেলো রান্নাঘর ও বাথরুমের ছাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালপাড়ে পেয়ারা বেগমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আচমকা বিস্ফোরণে এমন দুর্ঘটনা ঘটার পর তাৎক্ষণিক আদমজী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ চুরমার হওয়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা পরিষ্কার কার্যক্রম চালান। এ ঘটনা কোনো হতাহত হয়নি। এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মিরন মিয়া জাগো নিউজকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়। ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া এবং আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। কোনো হতাহতও নেই। মো. আকাশ/এমআইএইচএস