কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।রোববার (২২ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। কাতারের কর্মকর্তাদের দাবি, নিয়মিত দায়িত্ব পালনের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এদিকে আমিরাতের শারজাহ উপকূলে পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণ হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৫ নটিক্যাল মাইল (২৮ কিলোমিটার) উত্তরে একটি পণ্যবাহী জাহাজের (বাল্ক ক্যারিয়ার) কাছে বিস্ফোরণের খবর পেয়েছে তারা। আরও পড়ুন: হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের সংস্থাটি জানিয়েছে, জাহাজটির খুব কাছাকাছি উড়ে আসা অজ্ঞাত কোনো বস্তু থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে জাহাজে থাকা নাবিক দলের সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। এছাড়া সৌদি আরবের রিয়াদের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এর মধ্যে একটি প্রতিহত করা হয়েছে আর দুটি জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: আল জাজিরা