লিভারপুলের হোঁচট, পয়েন্ট হারানোর ধারা নিয়ে উদ্বিগ্ন স্লট

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট খোয়ানোর ধারা নিয়ে উদ্বিগ্ন লিভারপুলের কোচ আর্নে স্লট। তবে বাড়তি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন এই ডাচ কোচ।শনিবার (২২ মার্চ) ব্রাইটনের  মাঠ আমেক্স স্টেডিয়ামে ২-১ গোলে হারের পর লিভারপুলের দুর্দশা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম এক মৌসুমে ১০টি লিগ ম্যাচ হারলো অ্যানফিল্ডের ক্লাবটি। এই হারের ফলে শেষ তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে লিভারপুল। যদিও তারা এখনও পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে, কিন্তু ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে শীর্ষ চারে থাকার লড়াই কঠিন হয়ে উঠছে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে কোচ স্লট বলেন, ‘লিভারপুলে সব সময়ই চাপ থাকে—আমার ওপর, খেলোয়াড়দের ওপর। এটা স্বাভাবিক। আমরা এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছি, কিন্তু লিগে আমাদের নিশ্চিত করতে হবে যেন শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে জায়গা পাই।’ আরও পড়ুন: ব্রাইটনের মাঠে আবারও হার লিভারপুলের তিনি আরও বলেন, ‘এখানে হারাটা ভালো লাগেনি, তবে ব্রাইটনের মাঠে খেলাটা সব সময়ই কঠিন। তারা নিয়মিত ভালো খেলোয়াড় দলে নিচ্ছে। কিন্তু কিছু ম্যাচ আছে যেখানে আমাদের আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল, যেমন গত সপ্তাহে টটেনহামের বিপক্ষে। সেটাই বেশি অগ্রহণযোগ্য।’ ইউরোপিয়ান ম্যাচের পর দল যে ছন্দ হারাচ্ছে, সেটিও স্বীকার করেছেন স্লট। সপ্তাহের মাঝামাঝি গারাতাসারেকে ৪-০ গোলে হারানোর পরই এই হারের মুখ দেখল লিভারপুল। স্লট বলেন, ‘ইউরোপে খেলার পর আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। কেন এমন হচ্ছে, তা আমি আগেও ব্যাখ্যা করেছি। তবে ব্রাইটনকে কৃতিত্ব দিতেই হবে। দ্বিতীয়ার্ধে তারা ছিল ভালো দল।’ চোটও ভুগিয়েছে লিভারপুলকে। ম্যাচের আগে দলে ছিলেন না মোহামেদ সালাহ ও অ্যালিসন বেকার। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে।   এই প্রসঙ্গে স্লট বলেন, ‘ওর (একিতিকে) বেরিয়ে যাওয়া দুর্ভাগ্যজনক। তিন মাসের জন্য ছিটকে যায়নি, কিন্তু খেলতে না পারার মতোই গুরুতর ছিল। এটা তার জন্য যেমন ধাক্কা, দলের জন্যও তেমন।’ আরও পড়ুন: নুনো মেন্দেসের জাদুতে শীর্ষে ফিরলো পিএসজি সব মিলিয়ে মৌসুমের শেষভাগে এসে লিভারপুলের জন্য বড় চ্যালেঞ্জ এখন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা।