নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় অবস্থিত আলী আজগর ভূঁইয়া শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে।আহত আলী আজগর ভূঁইয়া সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঈদের নামাজ পড়ে আলী আজগর ভূঁইয়া হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে যান। সন্ধ্যায় যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব ও সাদ্দামসহ ১০-১৫ জন তার অবস্থান শনাক্ত করে শ্বশুর বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার শরীরের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আলী আজগরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন: ঈদের রাতে বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে জখমনাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আহত ওই ব্যক্তি আত্মগোপনে ছিল বলে জেনেছি। আজ সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা করেছে। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’