কুমিল্লায় রেলক্রসিংয়ে নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই শিশুসন্তান এবং এক স্বামী-স্ত্রী রয়েছেন।রোববার (২২ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে নিহত এই ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে যশোরের লাইজু আক্তার (২৬) এবং তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩) রয়েছেন। এছাড়া যশোর জেলার চৌগাছার স্বামী-স্ত্রী সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আরও পড়ুন: দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ দুর্ঘটনায় নিহত অন্য ব্যক্তিরা হলেন; চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), নোয়াখালীর সোনাইমুড়ীর বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯)। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের এই সংঘর্ষ হয়। দ্রুতগতির ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ওই ১২ জন যাত্রী নিহত হন।