পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদের দ্বিতীয় দিন রোববারও (২২ মার্চ) ঢাকা ছাড়ছেন যাত্রীরা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ট্রেনে ও বাসে করে যাচ্ছেন বাড়ি।যাত্রীরা জানান, দেরিতে হলেও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই বাড়িতে যাচ্ছেন তারা। এদিকে, জীবিকার তাগিদে ঈদের দ্বিতীয় দিনেই ঢাকায় ফিরছেন অনেকেই।সরেজমিন ঘুরে দেখা গেছে, কাঙ্ক্ষিত ট্রেন আর প্ল্যাটফর্মের সন্ধানে তোড়জোড় করছেন যাত্রীরা! খুঁজে পাওয়ার পর রীতিমতো দৌড় শুরু, যেন ট্রেন মিস না হয়ে যায়! ঈদের একদিন পরেও কারও কারও বাড়ি ফেরার এমন লড়াই শেষ হয়নি।রোববার সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগের ভিড় আর গাদাগাদি এড়াতেই দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকে। টিকেট না পেয়ে বাধ্য হয়েও এদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ।আরও পড়ুন: বদলে যাওয়া ঢাকা: যানজটহীন সড়কে স্বস্তির নিঃশ্বাসএকই চিত্র মহাখালীর বাস টার্মিনালেও। তবে এখানে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির পাশাপাশি বাড়তি ভাড়ার অভিযোগও জানান যাত্রীরা।এদিকে, ঈদের দ্বিতীয় দিনেই জীবিকার টানে ঢাকায় ফিরেছেন অনেক যাত্রী। ছুটি শেষ হয়ে যাওয়ায় আর জরুরি কাজের কারণেই ফিরতে হয়েছে তাদের।ঈদযাত্রা ও ঢাকায় ফেরার ভোগান্তি আরও কমিয়ে আনার দাবি যাত্রীদের।