ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ছুটিতে গত কয়েকদিনে রাজধানী ঢাকা ছেড়েছেন বহু মানুষ। পরিবার-পরিজন নিয়ে উদযাপন করেছেন ঈদ আনন্দ। এরই মধ্যে ঈদুল ফিতর গতকাল অনুষ্ঠিত হলেও আজ ঢাকায় ফিরতি যাত্রীর দেখা নেই বললেই চলে। তবে এখনো ঢাকা ছাড়ছেন মানুষ। রোববার (২২ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, গাবতলী এলাকায় ঢাকা ফেরা মানুষের উপস্থিতি নেই বললেই চলে। তবে ঢাকা ছেড়ে যাওয়া কিছু যাত্রীর উপস্থিতি বাস কাউন্টারগুলোতে দেখা গেছে। এছাড়া অধিকাংশ কাউন্টারে পরিবহন সংশ্লিষ্টদের বসে সময় পার করতে দেখা গেছে। একই সঙ্গে দুই- একজন ঘরমুখী যাত্রী কাউন্টারে আসলেই পরিবহন শ্রমিকদের হাঁকডাক ছেড়ে যাত্রী ডাকতে দেখা গেছে। জননী পরিবহনের কাউন্টার মাস্টার মো. মাকানুর রহমান বলেন, সকালে কিছু যাত্রী ঢাকা ছেড়ে গেছে। এখন খুবই কম যাত্রী আসছে। সকালে আমাদের তিনটা গাড়ি ছেড়ে গেছে। সবগুলোতেই মোটামুটি যাত্রী ছিল। কিন্তু এখন যে গাড়ি যাবে তাতে যাত্রী খুব কম। সকালে গাড়িতে যে যাত্রী গেছে সেই হিসেবে এখন যে গাড়ি যাবে তাতে যাত্রী চার ভাগের এক ভাগ। ফিরতি যাত্রী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আজ মানুষ ফিরছে না। সীমিত সংখ্যক যাত্রীরা ঢাকা ছেড়ে নিজ বাড়িতে যাচ্ছেন। রাসেল এন্টারপ্রাইজ পরিবহন শ্রমিক শুভ বলেন, সকালে কিছুটা যাত্রী ছিল। এখন একেবারে নিস্তব্ধ। বিকেল সাড়ে ৩টার সময় আমাদের একটা গাড়ি গেছে। সেই গাড়িতে যাত্রী ছিল ১৩ জন। গাড়ি ফাঁকা আসছে, ফাঁকা যাচ্ছে। আর কাল থেকে ফুল ফাঁকা যাবে। আসবে যাত্রী নিয়ে। গোল্ডেন লাইন পরিবহন শ্রমিক মো. জয় বলেন, আজ কোনো যাত্রীই নেই। ঈদের দুইদিন আগে থেকেই গাড়ি ফাঁকা গেছে। ফিরতি যাত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানুষ আসা শুরু করেনি। তবে কাল থেকে কিছু মানুষ ঢাকায় আসতে পারে। কেআর/এমআরএম