সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে আধিপত্য রাখতে আগেভাগেই মাঠে জামায়াতের প্রার্থীরা

সাতক্ষীরায় সংসদ নির্বাচনে চারটি আসনেই জয়ের পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায় জেলা জামায়াতে ইসলামী। এই লক্ষ্য পূরণে অনেক আগেভাগেই জেলার ৭টি উপজেলায় নিজেদের একক প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি প্রার্থীদের প্রচার-প্রচারণার বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা জামায়াতের দলীয় সূত্র জানায়, জেলার প্রত্যেক উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করেছে সংগঠনটি। উপজেলাভিত্তিক মনোনীত প্রার্থীরা হলেন:তালা উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন।কলারোয়া উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক কলারোয়া জামায়াতের আমির মাওলানা ওসমান গণি, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগম।সাতক্ষীরা সদর উপজেলা: চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা।আশাশুনি উপজেলা: চেয়ারম্যান পদে সাবেক এমপি মাওলানা রিয়াছাত আলীর ছেলে ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল আবছার, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা মনির।দেবহাটা উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির হাফেজ ইমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কর্মপরিষদ সদস্য নাসরিন সুলতানা।কালীগঞ্জ উপজেলা: চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা কর্মপরিষদ সদস্য জয়নাব পারভীন।শ্যামনগর উপজেলা: চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নায়েবে আমির মাওলানা মঈনুদ্দীন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নূরুন্নাহার ইতি। আরও পড়ুন: কম খরচে বেশি লাভ, কালোজিরা চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা স্থানীয় রাজনীতিকরা বলছেন, সাতক্ষীরায় আগে থেকেই সাংগঠনিকভাবে শক্তিশালী জামায়াতে ইসলামী। তবে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে যেভাবে দলটি জয় পেয়েছে, তাতে স্থানীয় নেতাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। জাতীয় পর্যায়ের মতো স্থানীয় সরকারেও তারা কোনো পদ ছাড়তে চাইছে না। এ কারণেই আগেভাগেই মানুষের কাছে নিজেদের প্রার্থীদের পরিচিতি তুলে ধরছে দলটি। এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এতে প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরতে পারবেন, যা ভোটে সুবিধা দেবে।’ সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘প্রার্থীরা এখন থেকে সংশ্লিষ্ট উপজেলা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করবেন।’