ঈদে রাজধানীর সড়কে বেপরোয়া চলাচল, নিটোরেই চিকিৎসা নিয়েছেন ৪০০ রোগী

ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়কে বেপরোয়া চলাচল বেড়েছে। উঠতি বয়সীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বেশ দাপিয়ে বেড়াচ্ছে ফাঁকা সড়কগুলো। আর এ কারণে ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া প্রাইভেটকার এবং সিএনজি ও বিদ্যুৎচালিত অটোরিকশাগুলোও বেশ বেপরোয়া গতিতে সড়কে চলাচল করছে। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা, হতাহতও হচ্ছেন অনেকে।ঈদের আগের দিন রাত থেকে রোববার (২২ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত শুধু রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় ৪০০ রোগী। এর মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে আসা রোগীদের বড় অংশই সড়ক দুর্ঘটনার শিকার, যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। কারও হাত ভেঙেছে, কারও পা, আবার কেউ ছোটখাটো আঘাত নিয়েও চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. এহসানুল কবির বলেন, সাধারণ দিনের তুলনায় ঈদের ছুটিতে রোগীর চাপ অনেক বেশি। চাঁদ রাত ১২টা থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত প্রায় ৪০০ রোগী চিকিৎসা নিয়েছেন।  এদিকে নিটোরের জরুরি বিভাগে ১০ শয্যার বেড থাকলেও রোগীর চাপ অনেক বেশি। অনেক ক্ষেত্রে রোগীদের স্ট্রেচারে রেখেই চিকিৎসা দিতে দেখা গেছে। জরুরি বিভাগে তিনজন চিকিৎসক রোগীদের দেখছেন। তাদের সঙ্গে ৭-৮ জন নার্স ও সহায়ক কর্মীরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এ সময় কয়েকজন রোগীকে অপারেশনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আরও পড়ুন: দুর্ঘটনা / দেশের বিভিন্ন স্থানে ২৩ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ  অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, প্রতিদিনই সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে প্রচুর আহত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। শুধুমাত্র ঈদের দিন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৫১ জন। যাদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলেও জানান তিনি।