রাজধানীর উত্তরায় বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাতে উপস্থিত প্রায় ৫ হাজার মুসল্লির এক তৃতীয়াংশই ছিলেন নারী, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রম ঘটনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।শনিবার (২১ মার্চ) সকালে ঢাকার উত্তরায় এই ঈদ জামাতের আয়োজন করা হয়।এই জামাতে অংশ নিতে সকাল সাতটার পর থেকেই উত্তরা, মিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে দলে দলে মুসল্লিদের ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। এসময় অধিকাংশ মুসল্লিই স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন। সাড়ে ৮টার মধ্যে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে প্যান্ডেল পূর্ণ হয়ে যায়।সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে খুতবা ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।এসময় একই জামাতে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা।