খাল দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, খালের দিকে তাকালেই বোঝা যাবে কারা দখল করেছে। শক্তি প্রয়োগ নয়, তাদের সামাজিকভাবে বয়কট করলেই যথেষ্ট। রোববার (২২ মার্চ) দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকার ‘তুলাতলা খাল’ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি খাল পুনরুদ্ধার করে জনগণের ব্যবহার উপযোগী করা সরকারের অঙ্গীকার। একসময় খালকে কেন্দ্র করেই মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। খাল খনন কাজে অনিয়মের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশে একটি প্রচলিত কথা আছে—খাল খনন না করে ‘খাল শেভ’ করা হয়। এমন যেন না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরিসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলজিইডি সূত্রে জানা গেছে, চার কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৪১ কিলোমিটার দীর্ঘ তুলাতলা খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় কৃষি ও নৌ-যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে। মো. আমিন হোসেন/এসআর/এএসএম