কচুয়ায় মাদকবিরোধী পথযাত্রা অনুষ্ঠিত

চাঁদপুর জেলার কচুয়ায় শিক্ষামন্ত্রীর এলাকায় ‘মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে’ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘ’। তরুণদের নেতৃত্বে এ ধরনের আয়োজনে মাদকবিরোধী পথযাত্রা ও আলোচনা সভা গ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য পথযাত্রা বের হয়ে কাদিরখিলসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ—তরুণ-যুবক, শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ গ্রামবাসী। এসময় সবার কণ্ঠে ছিল একটাই স্লোগান, ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’। তাছাড়া শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের এলাকায় মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পথযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম সিকদার। তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহজালাল সিকদার, নিকাহ রেজিস্ট্রার কাজী মিজানুর রহমান, টঙ্গিবাড়ী সরকারি কলেজের প্রফেসর সামাদ মুন্সী এবং সমাজসেবক সাহেব আলী সিকদার। বক্তারা তরুণদের মাদক থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।আরও পড়ুন: চাঁদপুরে ছিন্নমূলদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল খায়ের দেওয়ান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, স্থানীয় দুই মসজিদের ইমাম, কাদিরখিল ও মালচোয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ। প্রবাসে থাকা গ্রামের অনেকেই অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এ উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেছেন। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তরুণদের আন্তরিক প্রচেষ্টায় এ কর্মসূচি শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি। বরং এটি হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের সূচনা। এতে নানা বয়সী কয়েকশ সমাজ সচেতন মানুষ অংশ নেন। স্থানীয়দের প্রত্যাশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে কচুয়া একদিন মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ হিসেবে গড়ে উঠবে।প্রসঙ্গত, চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির প্রার্থী আনম এহসানুল হক মিলনের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করা।