ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল তেহরান। খবর সিএনএন। সিএনএনের এই প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এদিকে একটি সূত্র সিএনএনকে জানায়, তেহরান এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ‘হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি’এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি জানিয়েছিলেন, একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। রোববার (২২ মার্চ) আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো প্রণালিটি ব্যবহার করতে পারবে। সূত্র: সিএনএন ও আল-জাজিরা এমআইএইচএস/