ইসরাইল ও উপসাগরীয় দেশের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে ইসরাইল ও উপসাগরীয় দেশে মার্কিন সেনাদের সরবরাহ করা বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি পুর্নব্যক্ত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।গত কয়েক সপ্তাহ চেষ্টা করেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারেনি মার্কিন বাহিনী। শনিবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দেন—৪৮ ঘণ্টার মধ্যে (সোমবারের মধ্যে) প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পাল্টা প্রতিশোধের হুমকি দেয়। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তেহরান উপসাগরীয় অঞ্চলের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ধ্বংস করতে চায়—যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘ভিত্তিহীন’। আরও পড়ুন: ছয় শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র বিপ্লবী গার্ড জানায়, ‘আমরা ঘোষণা দিয়েছি, যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়, তাহলে ইরান পাল্টা হিসেবে দখলদার শাসন (ইসরাইল) এর বিদ্যুৎকেন্দ্র এবং যেসব আঞ্চলিক দেশ মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে তাদের বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করবে। একই সময় অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোয় আমেরিকার অংশীদারিত্ব রয়েছে, সেগুলোতেও হামলা করা হবে।’ আইআরজিসি আরও জানায়, ‘তোমরা আমাদের হাসপাতাল লক্ষ্যবস্তু করেছ—আমরা করিনি। তোমরা আমাদের দাতব্য কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছ—আমরা করিনি; তোমরা আমাদের স্কুলে হামলা করেছ—আমরা করিনি। কিন্তু যদি তোমরা আমাদের বিদ্যুতে আঘাত করো, আমরা তোমাদের বিদ্যুতেই আঘাত করব।’ আরও পড়ুন: পানির নিচে ইরানের ‘অদৃশ্য এক শক্তি’ বদলে দিচ্ছে যুদ্ধের হিসাব বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, শত্রুদের যেকোনো হুমকির জবাবে একই মাত্রায় প্রতিরোধ করা হবে। আমরা প্রতিরোধমূলক যেকোনো হুমকির জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তা আমরা করব। মার্কিনিরা আমাদের সক্ষমতা সম্পর্কে জানে না—যুদ্ধের ময়দানে তারা দেখবে। তথ্যসূত্র: আল জাজিরা