গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই: খায়রুল কবির
Somoy TV

গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই: খায়রুল কবির

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকারের দেয়া নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি ৩১ দফার আলোকে বাস্তবায়ন করা হবে। এজন্য রাজনৈতিক নেতাদের প্রচেষ্টা থাকতে হবে। সমাজ থেকে সন্ত্রাস-মাদকসহ দুর্নীতি নির্মূল করতে হবে। নিজ দলের কর্মীরাও যদি এসব কাজে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। আরও পড়ুন: তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল এ সংসদ সদস্য বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছে, তাদের প্রত্যাশা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই। তাই শহীদ জিয়ার মতোই বিএনপি জনগণের জন্য কাজ করে অনন্তকাল ধরে জনগণের সেবা করে যেতে চায়। তিনি আরও বলেন, আমরা মানুষের শাসক নয়, সেবক হতে চাই, খেদমত করতে চাই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় একমাত্র বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। এজন্য নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে জনগণের কল্যাণেই কাজ করতে হবে। আরও পড়ুন: ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ ছাড়া, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি ভিপি জলিলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Go to News Site