Somoy TV
২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের সম্পূর্ণ খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার ও মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেয়া হয়েছে।শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী’র অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার শহীদ পরিবারের কাছে হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী’র অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী জপেল চাকমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় এবং তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মী মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাননীয় প্রধানমন্ত্রী’র উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ। উল্লেখ্য, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।
Go to News Site