Somoy TV
আসন্ন বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয় বলে মনে করেন ভিনিসিউস জুনিয়র। তবে ব্রাজিলকে শীর্ষে রাখতে সর্বোচ্চটা দিয়ে লড়বেন বলেও জানান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। সমালোচনা হলেও কার্লো আনচেলত্তির কোচিং দর্শনের প্রসংশা করেছেন ভিনি। রিয়াল মাদ্রিদের ফর্ম বিশ্বকাপে নিয়ে ব্রাজিলকে শিরোপার উপহার দিতে চান তিনি।বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু সবশেষ শিরোপা তারা জিতেছে দুই যুগ পেরিয়েছে। ২০০২ এর পর প্রতিটা বিশ্বকাপেই ‘হেক্সা’ জয়ের মিশনে নেমে মুখ থুবড়ে পড়েছে সেলেসাও। আরও একটা বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। আবারো ঘুরে ফিরে আলোচনায় ব্রাজিলের সম্ভাবনা। বিশ্বকাপের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। মার্চ উইন্ডোতে ম্যাচ খেলেই প্রায় সবাই নিজেদের গুছিয়ে আনবে। তারপরও সাম্প্রতিক ফর্ম আর দলের গভীরতায় অনেককেই ফেবারিটের তালিকায় রাখছেন বিশ্লেষকরা। কিন্তু নিজেদের সেই কাতারে মনে করছেন না ভিনিসিউস। ব্রাজিলিয়ান এ তারকা বলেন, ‘আমার বিশ্বাস, সম্প্রতি আমরা যে ফলাফল দেখেছি, তার ভিত্তিতে ব্রাজিল ফেবারিট নয়। কিন্তু জার্সি ও আমাদের খেলোয়াড়দের যে ভার, আমরা ব্রাজিলকে ফের শীর্ষে রাখতে যা করার সবই করব। আমরা ফেবারিট হতে চাই না, আমরা ব্রাজিলকে শীর্ষে রাখতে চাই।’ আরও পড়ুন: ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স কার্লো আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্রাজিল। তবে এই ইতালিয়ান কোচের টিম সিলেকশন নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে দলে নেইমারকে না রাখা নিয়ে। যে সমালোচনায় জড়িয়েছেন রোনালদিনিওর মতো তারকা ফুটবলাররাও। তবে ভিনির কাছে কার্লো আনচেলত্তিই ঠিক। তিনি বলেন, ‘আমাদের শুধু ভালো খেলতে হবে। আনচেলত্তি আসার পর কীভাবে খেলতে হবে সেই ধারণা ভালোভাবে পেয়েছি। তিনি আমাদের ওপর থেকে অনেক চাপ কমিয়েছেন।’ চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন ভিনিসিউস। ৪৩ ম্যাচে ১৭ গোল ও ৮ অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। তবে জাতীয় দলের জার্সি পড়লেই কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় তার পারফরম্যান্স। এবার ভিন্ন কিছুর প্রত্যাশায় আছেন এই উইঙ্গার। তিনি বলেন, ‘আমি সবচেয়ে সুখকর মুহূর্তে আছি। রিয়াল মাদ্রিদে আমি যা করি, আশা করব জাতীয় দলেও সেটাই করব। লোকেদের কথাবার্তায় আমি মনোযোগ দেই না। আমি আমার কাজ জানি এবং কীভাবে বিশ্বকাপে নিজেকে উজার করে দিতে হবে সেটাও জানা আছে।’ আরও পড়ুন: বিশ্বকাপে খেলার আশা টিকে রইল ইতালির বিশ্বকাপ শুরুর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৮ মে ঘোষণা করবে চূড়ান্ত দল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ।
Go to News Site