Somoy TV
আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রীলঙ্কান পেসার নুয়ান থুশারা ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা। ফলে অন্তত টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না, এমনকি পুরো আসর থেকেই ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি দা সিলভা ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় ২৯ পয়েন্টের মধ্যে ন্যূনতম ১৭ পেতে হতো থুশারার। কিন্তু নির্ধারিত পাঁচটি মানদণ্ডে তিনি সেই স্কোরে পৌঁছাতে পারেননি। এর ফলেই আপাতত তার এনওসি স্থগিত রাখা হয়েছে। এ অবস্থায় বেঙ্গালুরুতে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে থুশারাকে পাচ্ছে না আরসিবি। একই ভেন্যুতে ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার অনুপস্থিতি প্রায় নিশ্চিত। নিয়ম অনুযায়ী, চার থেকে পাঁচ দিন পর তিনি আবার ফিটনেস টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। তবে আবারও ব্যর্থ হলে দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে থাকতে হতে পারে তাকে। এরই মধ্যে স্কোয়াড নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে আরসিবির। পেসার যশ দয়ালের অনুপস্থিতির পাশাপাশি অস্ট্রেলিয়ান তারকা জশ হ্যাজলউডের অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে বোলিং আক্রমণে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। আরও পড়ুন: চূড়ান্ত হলো আইপিএলের লিগপর্বের সূচি অন্যদিকে শ্রীলঙ্কার আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা এখনও ফিটনেস টেস্ট দেননি। চোটের কারণে তারা দুজনই পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং আইপিএলে অংশ নিতে এনওসি পাওয়ার জন্য অপেক্ষা করছেন। হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ১৮ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া পাথিরানা শুরুতেই দলের হয়ে খেলতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন দলের প্রধান কোচ অভিষেখ নায়ার। ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দলে যোগ দিতে পারেন। কাফ ইনজুরির কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন পাথিরানা। একই আসরে হ্যামস্ট্রিং চোটে মাঝপথে বিদায় নিতে হয়েছিল হাসারাঙ্গাকেও। আরও পড়ুন: ১৮ বছর আগের চুক্তি কোটিপতি বানাল ওয়ার্নের পরিবারকে সব মিলিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ফিটনেস ইস্যু এবারের আইপিএলের শুরুতেই বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আরসিবির মতো দলগুলোর জন্য এটি স্কোয়াড পরিকল্পনায় নতুন করে হিসাব-নিকাশের প্রয়োজন তৈরি করছে।
Go to News Site