Jagonews24
মধ্যপ্রাচ্য জুড়ে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং ১৫-দফা চুক্তির একটি উত্তর ‘প্রত্যাশা’ করছে তারা। খবর বিবিসির। গত কয়েক ঘণ্টায় তেহরানে দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে, চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এর জন্য কঠোর মূল্য আদায় করবে। বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। হামলায় কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। টিটিএন
Go to News Site