কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল
Jagonews24

কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল

কুড়িগ্রামের রৌমারীতে এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে এসব পেট্রোল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল এবং তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এঘটনায় পেট্রোলিয়ামে আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আবু জাহানের ছেলে এরশাদুল হক। তারা দুই মিলে গোপনে ড্রামে পেট্রোল সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে বিপজ্জনকভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। এ কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়। রোকনুজ্জামান মানু/কেএইচকে/এএসএম

Go to News Site