ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যু, হিলিতে শুরু হয়নি আমদানি-রফতানি
Somoy TV

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যু, হিলিতে শুরু হয়নি আমদানি-রফতানি

ঈদুল ফিতরের টানা ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ভারতীয় কাস্টমসের এক কর্মকর্তার (সুপারিনটেনডেন্ট) মৃত্যুর কারণে বন্দরটি দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় বাণিজ্য শুরু হওয়ার কথা ছিল। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ মার্চ থেকে শুরু করে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।’ আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার তিনি আরও জানান, শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মৃত্যুবরণ করেছেন। এর কারণে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রেখেছেন। রোববার সকাল থেকে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের দাফতরিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ঈদুল ফিতরের টানা ১০ দিন ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। শনিবার ছুটি শেষ হওয়ায় সকাল থেকে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Go to News Site