পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
Somoy TV

পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল না বানানোর ঘোষণার পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৮ মার্চ) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শনের পর তিনি পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। ‘পুলিশকে লাঠিয়াল বানাতে চাই না’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। পুলিশ সদস্যরা যাতে তাদের ঐতিহ্যবাহী যেকোনো একটি পোশাকে ফিরতে পারে, সরকারের সর্বোচ্চ মহল সেটি নিয়ে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকারের নীতি হলো আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী বা কৃষক যেই হোক না কেন।’ পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চান না জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ হতে হবে।’ আরও পড়ুন: শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে বিশ্বস্বীকৃত: সালাহউদ্দিন আহমদ পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ৪ জনের চাকরিচ্যুতি জানা গেছে, পুলিশ একাডেমিতে ২০২৫ সালের ১ মার্চ ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের ৮০ জন শিক্ষানবিশ এএসপির এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। তবে গত বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করে সরকার। এরপর শনিবার অবশিষ্টদের নিয়ে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

Go to News Site